প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম
কলম্বিয়ার রাজধানী বোগোটায় সংগীত উৎসবে পারফর্ম করার সময় ইসরায়েলের পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়েছেন র্যাপার চেলো হপ। এ সময় ‘পালেস্তিনা লিব্রে’ বা ‘মুক্ত হোক ফিলিস্তিন’ স্লোগানও দেন তিনি। গত ২৪ অক্টোবর বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উৎসবে নিজের নতুন গান ‘আনাতোমিয়া’ পরিবেশন করছিলেন চেলো হপ। পরিবেশনার শেষ দিকে মঞ্চে থাকা এক ব্যক্তি তার দিকে ইসরায়েলের পতাকা এগিয়ে দেন। পরে পতাকাটি মাটিতে ফেলে সেটির ওপর পা রাখেন এই র্যাপার। গান পরিবেশন অব্যাহত রেখেই তাকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওতে চেলো হপকে ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগানের পাশাপাশি স্প্যানিশ ভাষায় ‘আফুয়েরা লো কে নো পেরতেনেসে’ বলতে শোনা যায়। এর অর্থ, ‘যা এখানে অন্তর্ভুক্ত নয়, তা চলে যাক’। তার এই আচরণকে অনেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ হিসেবে দেখছেন।
চেলো হপের এই পরিবেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর ফিলিস্তিনপন্থী অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ ইসরায়েলের জাতীয় পতাকা মাড়ানোর ঘটনাকে অসম্মানজনক বলে সমালোচনা করেছেন।
ঘটনাটি কূটনৈতিক পর্যায়েও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ভিভিয়ান আইজেন ২৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরায়েলের পতাকা মাড়ানোর ঘটনার নিন্দা জানান। তিনি বোগোটার নগর কর্তৃপক্ষ ও কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান। তার মতে, এ ধরনের আচরণ ইসরায়েল এবং দেশটির পতাকার সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করা কলম্বিয়ার নাগরিকদের প্রতি অসম্মানজনক।
‘হিপ হপ আল পারকে’ কলম্বিয়ার অন্যতম বড় বিনা মূল্যের হিপহপ সংগীত উৎসব। এবারের ২৮তম আসর ২৪ ও ২৫ অক্টোবর বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে অনুষ্ঠিত হয়। চেলো হপের এই পরিবেশনা উৎসবটির সংগীত আয়োজনের পাশাপাশি রাজনৈতিক বক্তব্য ও জাতীয় প্রতীক ব্যবহারের বিষয়টি নিয়েও বিতর্ক তৈরি করেছে।
