৩৫ বলে শতরান। ৩৮ বলে ১১৩। ৯টি চার, ১১টি ছয়। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মা কতটা আগ্রাসী মেজাজে ছিলেন, তা এই তথ্য থেকেই পরিষ্কার। এক কথায় তাক লাগিয়ে দিয়েছে অভিষেকের ইনিংস। তাঁর খেলা দেখে মুগ্ধতা গোপন করতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আয়ারও। ৩৮ বলের এই ইনিংসে বেশ কয়েকটি নজির গড়েছেন অভিষেক।
১) এই নিয়ে তৃতীয় বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ বা তার কম বলে শতরান করলেন অভিষেক। গত মাসে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন অভিষেক। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে শতরান করেছিলেন ৩৭ বলে। বিশ্বের আর কোনও ব্যাটার দু’বারও ৪০ বা তার কম বলে শতরান করতে পারেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে। অভিষেক হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি ৩৫ বা তার কম বলে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করলেন।
২) সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে চার বার ৩৫ বা তার চেয়ে কম বলে শতরান করলেন অভিষেক। এমন কৃতিত্ব বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই। বৈভব সূর্যবংশী এবং উর্ভিল পটেল দু’বার করে ৩৫ বা তার চেয়ে কম বলে শতরান করেছেন টি-টোয়েন্টিতে। এই নিয়ে পাঁচ বার ৪০ বা তার কম বলে শতরান পূর্ণ করলেন অভিষেক। বৈভব এবং উর্ভিলের তিন বার করে এমন কৃতিত্ব রয়েছে।
৩) নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম টি-টোয়েন্টি শতরান করার রেকর্ড করেছেন অভিষেক। ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা রেকর্ড। ২০১৫ সালে ৪৪ বলে শতরান করেছিলেন কুশল। সতীর্থ ঈশান কিশনের ভারতীয় রেকর্ডও ভেঙেছেন অভিষেক। ঈশান গত জানুয়ারিতে তিরুঅনন্তপুরমে ৪২ বলে শতরান করেছিলেন কিউয়িদের বিরুদ্ধে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৪০ বা তার কম বলে শতরান করার নজির গড়েছেন অভিষেক।
৪) অভিষেক হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি ১৫ বা তার চেয়ে কম বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিন বার অর্ধশতরান পূর্ণ করেছেন।
৫) মঙ্গলবার অভিষেক ১১টি ছয় মেরেছেন। এই নিয়ে তৃতীয় বার টি-টোয়েন্টি ক্রিকেটের একটি ইনিংসে ১০টি বা তার বেশি ছক্কা মারলেন। টেস্ট খেলিয়ে দেশগুলির ক্রিকেটারদের মধ্যে এমন কৃতিত্ব কারও নেই। অস্ট্রেলিয়ার অ্যারন ফ্রিঞ্চ এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিস গেল দু’বার করে একটি ইনিংসে অন্তত ১০টি ছক্কা মেরেছেন। এই ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে মালয়েশিয়ার করণবীর সিংহের। তিনি পাঁচটি টি-টোয়েন্টি ইনিংসে অন্তত ১০টি করে ছয় মেরেছেন।
