ঢাকার সাভারে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে, সোমবার রাতে সাভারের মধুমতি মডেল টাউনের ফুড লাইব্রেরিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাহবুব আলম (৪৯), মো. খোরশেদ আলম (৫০) ও জুনায়েদুল ইসলাম সিফাত (২০)। মাহবুব আলম ও খোরশেদ আলমের বর্তমান ঠিকানা মধুমতি মডেল টাউনে এবং জুনায়েদুল ইসলাম সিফাত সাভারের মেলার টেক এলাকার বাসিন্দা।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১০টা ৫ মিনিটের দিকে বিশেষ অভিযান চলাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মধুমতি মডেল টাউনের ফুড লাইব্রেরির ভেতরে কয়েকজন অনলাইনভিত্তিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছেন। পরে তথ্যের সত্যতা যাচাই করে রাত ১০টা ৫০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনে বিন্যান্স (BINANCE) অ্যাপ পাওয়া গেছে। এসব অ্যাপের মাধ্যমে ইউএসডিটি (USDT) ক্রিপ্টোকারেন্সি এবং বিকাশ-নগদের মাধ্যমে অর্থ জমা, স্থানান্তর ও উত্তোলনের কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে। পরে তাদের ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্ত ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখতে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
