অনলাইন ডেস্ক
সরকার সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনের সময় তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
এছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
