খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে যুবদলের এক সাবেক নেতা আহত হয়েছেন। গুলিবিদ্ধ অহিদুল ইসলাম বাদল (৩৫) ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে তাকে গুলি করা হয়।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। আহত বাদলকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এর আগে, একই উপজেলায় গতকাল গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন বটিয়াঘাটা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেল শেখ (৩৪)। গুলিতে তার ডান হাত ও পেটের ডান পাশ জখম হয়।
সকাল ১১টার দিকে নগরের নিরালা আবাসিক এলাকায় গুলি করা হয় জাপান টোব্যাকো সিগারেট কোম্পানির এক কর্মীকে। তাকে গুলি করে ল্যাপটপ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ সোহেল ও বাদলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন খুলনা জেলা যুবদলের সভাপতি নাদিমুজ্জামান জনি।
বটিয়াঘাটা উপজেলা যুবদল সদস্য বাদল সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে খুলনা শহর থেকে বাড়ি ফেরার পথে চক্রাখালী স্কুলের কাছে বাজার এলাকায় গুলিবিদ্ধ হন বলে জানান তিনি।
খুলনা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিবিদ্ধ বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।
তার ওপর হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এসপি সরকার ওমর ফারুক।
তাকে গুলির খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
