রাস মেলা গ্রাফিক্স- রুশিতা বোস দত্ত
Published on
:
1 min read
এই সময়, শিলিগুড়ি: মন্দিরের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘাতে পুরোনো ও নতুন কমিটির সদস্যরা। দুই পক্ষের মতবিরোধে শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর শিবশক্তি মন্দির চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরোনো কমিটির সদস্যদের অন্ধকারে রেখে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ মানতে নারাজ নতুন কমিটির সদস্যরা।
এলাকার যুবক সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, ‘গত বছর তৈরি হওয়া কমিটিতে আমার মতো এলাকার বহু মানুষ রয়েছেন। কিন্তু আমাদের না জানিয়ে হঠাৎ কেউ এসে নতুন একটি কমিটি গঠন করে নিয়েছে।’ তাঁর অভিযোগ, 'ইদানিং মন্দির চত্বরে একদল যুবক বসে নেশা করছে। ওরাই আবার এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে।’ যদিও এ ক্ষেত্রে কারও নাম করেনননি সঞ্জয়।
অভিযোগ খারিজ করে নতুন কমিটির সদস্য তথা স্থানীয় বাসিন্দা অমিতাভ বলেন, ‘কমিটি গঠনের আগে এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়েছিল।’ একই সঙ্গে পুরনো কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অমিতাভের দাবি, ‘সারা বছর পুরোনো কমিটির সদস্যদের মন্দিরে দেখা না গেলেও মেলা আয়োজনের সময় এগিয়ে এলেই তাঁদের উপস্থিতি চোখে পড়ে।’ প্রতিবছর শীতের সময় এই মন্দির চত্বরে রাস মেলার আয়োজন হয়ে থাকে। মেলায় প্রচুর ভিড় হয়। এবার মেলার প্রস্তুতি শুরুর আগেই কমিটি বিতর্ক দেখা দিয়েছে। যদিও আপাতত পরিস্থিতি শান্ত বলেই জানা গিয়েছে।
