পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম দ্বগ্ধ হয়ে মারা যান।
বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয়রা জানায়, রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় আগুন ছড়িয়ে পড়লে সিয়াম ভেতরে আটকা পড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাস থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লিসা পরিবহনের আরেক বাসের হেলপার মো. সাব্বির জানান, তিনিও বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত জানালার কাচ খুলে বের হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডে এসে বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, লিসা পরিবহনের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে বাহক পরিবহনের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
