ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। পৃথক কর্মসূচি আয়োজনের পর এক পক্ষের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও যুবদলের নাম ব্যবহার করে অপতৎপরতা চালানোর অভিযোগ তুলেছেন উপজেলা ও পৌর যুবদলের নেতারা। রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলা সদর বাজারে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করে তাঁরা এসব অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড প্রাঙ্গণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যার সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এর দুই দিন পর শনিবার (৩১ অক্টোবর) সদর বাজারের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় যুবদলের আরেকটি অংশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ ও শাহরিয়ার হাবীবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ কর্মসূচিকে কেন্দ্র করেই দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে।
রোববারের সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা ও পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান অভিযোগ করেন, শনিবারের অনুষ্ঠানে আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিএনএমের নেতাকর্মীদের পুনর্বাসিত করে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
তাঁরা বলেন, “শনিবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে যারা অনুষ্ঠান করেছে, তারা দলের কেউ নন; বরং তারা যুবদলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য দলে বিভেদ সৃষ্টি করা এবং দলের সুনাম ক্ষুণ্ন করা।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অপর পক্ষের নেতারা। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, নেয়ামত হোসেন পারভেজ ও শাহরিয়ার হাবীব দাবি করেন, তাঁরা দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন।
তাঁরা বলেন, “আমরা কোনো অবৈধ বা অনুপ্রবেশকারী নই; বরং দলের মূলধারার প্রকৃত নেতাকর্মীদের নিয়েই যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি।”
প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে আলফাডাঙ্গায় স্থানীয় যুবদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে।
