সংবাদ · রাজনীতি
মন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কার যুবদল নেতা
২৬/১০/২০২৬

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’–ফেসবুকে এমন একটি পোস্ট দেওয়ার তিন দিনের মাথায় টাঙ্গাইলের সখিপুর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল ও সরকারের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুবেল চৌধুরীর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে একটি পোস্ট দেন রুবেল চৌধুরী। তার এই মন্তব্যটি মুহূর্তেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও ওই পোস্টে নিজের অসন্তোষের কারণ কিংবা পদত্যাগ দাবির সুনির্দিষ্ট প্রেক্ষাপট বিস্তারিত উল্লেখ করেননি তিনি।ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে রুবেল চৌধুরী গণমাধ্যমকে বলেন, 'রাজনৈতিক অনেক বিষয় রয়েছে। কিছু মন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা দল ও সরকার উভয়ের জন্যই ক্ষতিকর। তিনি নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভেতরে ভেতরে অন্য কোনো এজেন্ডা নিয়ে কাজ করছেন বলে আমার মনে হয়েছে। এই কারণে আমি মনে করি তার পদত্যাগ করা উচিত।'অন্যদিকে, সখিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, 'দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল; কিন্তু তিনি তা আমলে নেননি।'যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗