ঘূর্ণিঝড় অর্ণবের গতিপথ অন্ধ্রপ্রদেশের দিকে, প্রভাব কম বাংলাদেশে
২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে আগামীকাল বুধবার। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ভারতের উপকূলের দিকে হওয়ায় বাংলাদেশে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

