গাজীপুর সিটি করপোরেশনের গত ২৩ বছরের আর্থিক কর্মকাণ্ড, উন্নয়ন প্রকল্প, দরপত্র ও ঠিকাদারি কার্যক্রমের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে সচেতন নাগরিক ঐক্য, গাজীপুর। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নগর উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে গণশুনানির আয়োজনের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকায় মানববন্ধন শেষে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ও জনবহুল নগরী। দীর্ঘদিনের নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নের পরও নাগরিক সেবার মান, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং সরকারি অর্থের ব্যবহার নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। সিটি করপোরেশনের অর্থ কোথায়, কীভাবে এবং কোন প্রকল্পে ব্যয় হয়েছে, প্রকল্পের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে এবং ব্যয়ের বিপরীতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হয়েছে কি না-এসব বিষয়ে জনগণের কাছে স্বচ্ছ হিসাব তুলে ধরা প্রয়োজন।
তারা বলেন, শুধু অভিযোগ বা পাল্টাপাল্টি বক্তব্য নয়, প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। এ জন্য সিটি করপোরেশনের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন, প্রকল্পভিত্তিক বরাদ্দ ও প্রকৃত ব্যয়ের হিসাব, দরপত্রের বিবরণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, কার্যাদেশ, বিল পরিশোধের তথ্য, প্রকল্পের অগ্রগতি এবং কাজের গুণগত মান যাচাইয়ের প্রতিবেদন প্রকাশ করা জরুরি।
মানববন্ধনে বক্তারা গাজীপুর সিটি করপোরেশনের গত ২৩ বছরের আর্থিক ও উন্নয়ন কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, ব্যয় ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য প্রকাশ এবং নাগরিক, সামাজিক সংগঠন, সাংবাদিক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে উন্মুক্ত গণশুনানির আয়োজনের আহ্বান জানান।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে-এলাকাভিত্তিক জনমত নিয়ে সড়ক, নালা-নর্দমা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সরবরাহের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সরকারি ক্রয়বিধি অনুসরণ করে প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিত করা; উন্নয়নকাজের গুণগত মান নিয়মিত যাচাই এবং প্রকল্প বাস্তবায়নে নাগরিক নজরদারির সুযোগ সৃষ্টি করা।
বক্তারা বলেন, এ উদ্যোগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক অবস্থান নয়, বরং সরকারি অর্থের সুরক্ষা, নগর উন্নয়নে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার দাবি। গাজীপুরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নাগরিকদের মতামতকে গুরুত্ব দিতে হবে। জবাবদিহিমূলক নগর প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়ন ও জনআস্থা ফিরিয়ে আনা সম্ভব।
মানববন্ধন থেকে '২৩ বছরের হিসাব চাই, পূর্ণাঙ্গ শ্বেতপত্র চাই, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত চাই, প্রমাণিত অপরাধের শাস্তি চাই, ঠিকাদারি অনিয়ম বন্ধ চাই, সরকারি অর্থের সুরক্ষা চাই, গণশুনানির ভিত্তিতে উন্নয়ন চাই, জবাবদিহিমূলক গাজীপুর চাই'-এ স্লোগান সামনে রেখে দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সংগঠক অ্যাড. আলী নাছের খান, এনসিপি গাজীপুর জেলার সদস্য সচিব আবুল কাশেম মাস্টার, গাজীপুর জেলার যুগ্ম আহবায়ক খন্দকার আল আমিন, গাজীপুর মহানগর যুব শক্তির মুখ্য সংগঠক আকাশ ঘোষ, গাজীপুর জেলা ছাত্র শক্তির মুখ্য সংগঠক মাহিদ হাসান রুদ্র, গাজীপুর মহানগর যুব শক্তির সিনিয়র মুখ্য সংগঠক শাকিল সর্দার, সচেতন নাগরিক ঐক্য, গাজীপুরের আবু বকর সিদ্দিক সম্রাট প্রমুখ।
