Published on
:
2 min read
ভোরের দিকে এখন গায়ে পাতলা চাদর চাপাতে হচ্ছে। সন্ধের পর বাইক নিয়ে বেরোলে কান-নাক চাপা দিতে হচ্ছে। এই মরশুমেই ঠান্ডা লেগে যাওয়ার ভয় সবচেয়ে বেশি। তবে মাসখানেকের মধ্যেই শীত আসবে। এই সময়ে সন্ধেবেলা এক বাটি গরম স্যুপ মন-প্রাণ জুড়িয়ে দেয়। কিন্তু স্যুপ বানানোর ঝামেলা পোহাতে চান না। এই অবস্থায় কাজে আসতে পারে স্যুপের প্রি-মিক্স পাউডার। একবার তৈরি করে রেখে দিলে যখন ইচ্ছে স্যুপ বানিয়ে খেতে পারেন।
কী কী উপকরণ লাগবে?
এই প্রি-মিক্স তৈরি করতে লাগবে ২ টেবিল চামচ করে অড়হর ডাল, মুগ ডাল ও মসুর ডাল। এ ছাড়া দরকার ৮টি কাঠবাদাম, ১/২ টেবিল চামচ গোলমরিচ, ১ চা চামচ জিরে, ১/৪ চা চামচ মেথি, ৩টি শুকনো লঙ্কা এবং ১ টেবিল চামচ কারিপাতা। এ ছাড়াও প্রয়োজন ২ টেবিল চামচ মিল্ক পাউডার, ২ টেবিল চামচ পেঁয়াজের গুঁড়ো, ১ টেবিল চামচ রসুনের গুঁড়ো, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১/২ চা চামচ বিট নুন এবং ১ চা চামচ চিনি।
কী ভাবে বানাবেন?
প্রথমে ডাল, কাঠবাদাম, গোলমরিচ, জিরে, মেথি, শুকনো লঙ্কা ও কারিপাতা কম আঁচে শুকনো কড়াইয়ে ভেজে নিন। হালকা সুগন্ধ বেরোলে নামিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন। এ বার মিক্সার গ্রাইন্ডারে ভাজা উপকরণগুলির সঙ্গে মিল্ক পাউডার, পেঁয়াজ-রসুনের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বিট নুন ও চিনি দিয়ে মিহি গুঁড়ো করে নিন। তৈরি স্যুপের প্রি-মিক্স।
কী ভাবে তৈরি করবেন স্যুপ?
স্যুপের প্রি-মিক্সটি পরিষ্কার, শুকনো ও এয়ার টাইট কৌটোয় ভরে রাখুন। স্যুপ বানানোর সময়ে কয়েক চামচ এই প্রি-মিক্স পাউডারটা নিন। প্রথমে অল্প ঠান্ডা জলে গুলে নিন, যাতে মিশ্রণটা দলা না পাকিয়ে যায়। তার পরে গরম জল দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে ফুটিয়ে নিন। এই সময়ে পছন্দের সব্জি ছোট ছোট করে কেটে স্যুপে মিশিয়ে দিতে পারেন। প্রয়োজন মতো নুন, গোলমরিচ মিশিয়ে পরিবেশন করুন স্যুপ।
FAQ
১. বাড়িতে স্যুপের প্রি-মিক্স কী ভাবে তৈরি করবেন?
ডাল, কাঠবাদাম ও মশলা শুকনো কড়াইয়ে ভেজে ঠান্ডা করুন। তার পরে মিল্ক পাউডার, পেঁয়াজ-রসুনের গুঁড়ো, কর্নফ্লাওয়ার ও অন্যান্য উপকরণ দিয়ে মিহি গুঁড়ো করে নিন।
২. স্যুপের প্রি-মিক্স তৈরিতে কোন কোন ডাল লাগে?
এই রেসিপিতে অড়হর ডাল, মুগ ডাল ও মসুর ডাল ব্যবহার করা হয়েছে। প্রতিটি ডাল ২ টেবিল চামচ করে নিতে হবে।
৩. স্যুপের প্রি-মিক্স কী ভাবে সংরক্ষণ করবেন?
প্রি-মিক্স সম্পূর্ণ শুকনো অবস্থায় পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী কৌটোয় রাখুন। আর্দ্রতা থেকে দূরে রাখুন এবং ব্যবহারের আগে গন্ধ বা ছত্রাকের কোনও লক্ষণ রয়েছে কি না দেখে নিন।
৪. প্রি-মিক্স দিয়ে স্যুপ বানানোর নিয়ম কী?
প্রথমে অল্প ঠান্ডা জলে প্রি-মিক্স গুলে নিন। তার পরে গরম জল দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে ফুটিয়ে নিন। পছন্দমতো সব্জি, নুন ও গোলমরিচ মিশিয়ে পরিবেশন করুন।
৫. স্যুপের প্রি-মিক্সে কি সব্জি মেশানো যায়?
হ্যাঁ, গাজর, বিনস, মটরশুঁটি বা পছন্দের অন্য সব্জি ছোট করে কেটে স্যুপে মেশাতে পারেন। এতে স্যুপের স্বাদ ও পুষ্টিগুণ বাড়বে।
