নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসর শুরু হচ্ছে আজ। ঠিক এই সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে ২ কোটি টাকার বেশি ‘প্রতারণা’র অভিযোগ উঠেছে। তাতে করে এনপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা গেছে। এনপিএলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পেরেছে, যেসব খেলোয়াড়কে আগেই এনওসি দেওয়া হয়েছিল, তাঁদেরও খেলা আপাতত স্থগিত। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার মার্কিন ডলার দাবি করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৩১ লাখ টাকা।
এনপিএলে খেলতে যাওয়া পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান, হায়দার আলী, হুনাইন শাহ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, হাসান আলী ও উসামা মীর। প্রত্যেকের কাছ থেকে ৩১ লাখ টাকা করে দাবি করা হলে সংখ্যাটা হয় ২ কোটি ১৭ লাখ টাকা। ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, দাবি করা অর্থ না দিলে অনাপত্তিপত্র বাতিলের হুমকিও দেওয়া হয়েছে পিসিবির পক্ষ থেকে।
ফি-ই সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে কি না কিংবা আদৌ এমন কোনো ফি দাবি করা হয়েছে কি না, সেটা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য জানতে ক্রিকইনফোর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পিসিবি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। এই অর্থ চেয়ে পিসিবি লিখিত কোনো দাবি জানিয়েছে কি না, সে ব্যাপারেও ক্রিকইনফো নিশ্চিত হতে পারেনি।
আজ কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে শুরু হচ্ছে এনপিএল। ১৬ অক্টোবরই টুর্নামেন্টটিকে অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এনপিএলে আট দল অংশ নিচ্ছে। চলতি বছরের ২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা।
এনপিএলে খেলার কথা এমন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার এরই মধ্যে কাঠমান্ডুতে পৌঁছে গেছেন। সেখানেই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা। অন্যদিকে যেসব খেলোয়াড়ের শিগগিরই নেপালের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, তাঁরা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নেপাল সফর পিছিয়ে দিয়েছেন।
২০২৪ সালে প্রথমবার আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সেবার রানার্সআপ হয়েছিল সুদূরপশ্চিম রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালে ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পায়নি। সেবার তাদের কাঁদিয়ে শিরোপা জেতে লুম্বিনি লায়নস।
