অভিনয়-জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী সায়ামি খের। আসন্ন একটি ইন্দো-রাশিয়ান ড্রামার হাত ধরে আন্তর্জাতিক ছবির জগতে পা রাখতে চলেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রাশিয়ার পরিচালক ম্যাক্সিম কুজনেতসভ। ভারত ও রাশিয়ার শিল্পীদের যৌথ উদ্যোগে তৈরি এই ছবি দুই দেশের সংস্কৃতি ও চলচ্চিত্র নির্মাণের ধারাকে এক সুতোয় বাঁধবে বলে আশা করা হচ্ছে।
ভারত ও রাশিয়ার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হয়েছে। এই ছবিতে কাজ করতে গিয়ে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সায়ামি। মূলত বিদেশি কলাকুশলীদের সঙ্গে কাজ করার পাশাপাশি অন্য দেশের চলচ্চিত্র নির্মাণের পরিবেশ ও কাজের ধরন কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। শুধু তাই নয়, এই ছবির সূত্রেই প্রথমবার রাশিয়ায় পা রাখেন অভিনেত্রী। তাঁর কথায়, মস্কোর সৌন্দর্য এবং সেখানকার কাজের পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সায়ামি বলেন, ‘সম্পূর্ণ বিদেশি একটি দলের সঙ্গে কাজ করা আমার কাছে একেবারে অন্যরকম এবং নতুন অভিজ্ঞতা ছিল। আমরা রাশিয়ায় শুটিং করেছি, আর এটাই ছিল আমার প্রথম রাশিয়া সফর। মস্কো অসাধারণ সুন্দর। গোটা ছবির অভিজ্ঞতাই ছিল দারুণ। কাজের পরিবেশ আমার পরিচিত পরিবেশের থেকে অনেকটাই আলাদা ছিল। এই ফিল্মের অংশ হতে পেরে আমি খুব আনন্দ পেয়েছি। আশা করি, এটাই আমার আরও অনেক আন্তর্জাতিক ছবিতে কাজ করার প্রথম পদক্ষেপ হবে।’
অভিনেত্রীর মতে, ভাষা ও দেশের সীমানা পেরিয়ে কাজ করার মধ্যে রয়েছে অন্যরকম আনন্দ। বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করলে গল্প বলার ধরন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। পাশাপাশি, অন্যদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। ছবিটির কাহিনি সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি সায়ামি। তবে তিনি জানিয়েছেন, এটি একটি ড্রামা, যার কেন্দ্রে রয়েছে এক শক্তিশালী নারী চরিত্র। ফলে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হওয়াই স্বাভাবিক। আন্তর্জাতিক মঞ্চে এই নতুন অভিজ্ঞতা সায়ামির অভিনয়জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এখন সেটাই দেখার।
