কালবেলা · অর্থনীতি
রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি
২৭/১০/২০২৬

রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বর এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী হলেন- রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন (৩৫)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ব্যস্ততম পান্না চত্বর পার হওয়ার পরপরই এই গুলির ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ আমির হোসেন লিটন বানিবহ এলাকার আবুল হাশেমের ছেলে।
প্রকাশ্যে দিবালোকে জেলা শহরের মধ্যে এমন গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার সময় দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহত ব্যবসায়ী আমির হোসেন লিটন গণমাধ্যমকে বলেন, ‘আমি রাজবাড়ীর কাপড় বাজারের উদ্দেশে রিকশায় করে যাচ্ছিলাম। পান্না চত্বর পার হওয়ার পর একটি অটোরিকশা আমাদের রিকশাকে ওভারটেক করে। ওই অটোরিকশায় থাকা দুই ব্যক্তি সালেহ আহমেদ সুজন ও ইনসান আমাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তাদের মধ্যে একজনের মুখে মাস্ক ছিল। প্রথম গুলিটি লাগার পর আমি সরে যাওয়ার চেষ্টা করলে তারা পরপর আরও ৩টি গুলি ছোড়েন। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে।’
‘প্রশাসনের কাছে আমার অনুরোধ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হোক। রাজবাড়ী শহরে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
লিটন আরও বলেন, এর আগে সালেহ আহমেদ সুজনের বিরুদ্ধে জিডি করা হয়েছিল। তারা খারাপ প্রকৃতির মানুষ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗