Published : 26 Oct 2026, 09:04 PM
Updated : 26 Oct 2026, 09:04 PM
রোমার বিপক্ষে ম্যাচে অসদাচরণের দায়ে শাস্তি পেয়েছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। ম্যাচ অফিসিয়ালদের প্রতি আপত্তিকর মন্তব্য এবং রোমার এক স্টাফের সঙ্গে আক্রমণাত্মক আচরণের দায়ে নাপোলি কোচকে টাচলাইনে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইতালির শীর্ষ লিগ সেরি আ-র ক্রীড়া বিচারক সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
নাপোলির মাঠে গত শনিবার লিগ ম্যাচটি ৩-৩ ড্র হয়। লিওনার্দো বালের্দি রোমার হয়ে শেষ মুহূর্তে সমতা ফেরানো গোল করার পরপরই আল্লেগ্রিকে মাঠ থেকে বহিষ্কার করা হয়। গোলটির আগ মুহূর্তে ফাউল হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু ভিএআরের মাধ্যমে গোলটি বৈধ ঘোষণা করা হলে নাপোলি কোচ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান, ফলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
৫৯ বছর বয়সি এই ইতালিয়ান কোচকে ১০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। নিষেধাজ্ঞার ফলে বুধবার মুনসা ও রোববার ইউভেন্তুসের বিপক্ষে লিগ ম্যাচে দলের ডাগআউটে থাকতে পারবেন না তিনি।
লিগ টেবিলে বর্তমানে দশম স্থানে থাকা নাপোলি তাদের সবশেষ চার ম্যাচের কেবল একটিতে জয় পেয়েছে।
লিগের ওয়েবসাইটে প্রকাশিত শৃঙ্খলা বিষয়ক সিদ্ধান্তে বলা হয়েছে, আল্লেগ্রি ‘ম্যাচ অফিসিয়ালদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য’ করেছেন এবং পরবর্তীতে ড্রেসিং রুমে ‘প্রতিপক্ষ দলের এক কর্মকর্তার প্রতি আক্রমণাত্মক আচরণ’ করেছেন।
আল্লেগ্রি যদিও ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে ম্যাচ অফিসিয়ালদের প্রতি অসদাচরণের অভিযোগ অস্বীকার করেন। ডিএজেডএন ইতালিয়াকে তিনি বলেন, “চতুর্থ রেফারি মূল রেফারিকে ডেকে আমাকে মাঠ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন, অথচ আমি কিছুই বলিনি।”
নাপোলি জানিয়েছে, তারা আল্লেগ্রির দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে।
