ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে মৎস্য বিভাগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে জেলেরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কুমারখালী এলাকায় ১২টি ট্রলারে করে এসে রামদা ও লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালানো হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতরা ঝালকাঠি সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাত থেকে সুগন্ধা নদীতে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নিয়মিত অভিযান শুরু হয়। নলছিটি অংশে পৌঁছালে কুমারখালী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় একদল জেলে তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
হামলায় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে নদীতে পড়ে গিয়ে আহত হন। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সেলিম মিয়া, ট্রলারের মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার ও অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন। হামলাকারীরা মাঝি ও চালককে মারধর করার পাশাপাশি রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে না আসার হুমকি দেয় এবং মাঝিদের কান ধরে ওঠবস করায়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদীতে টিম নামলে তাদের ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
