
‘ভালো আছো তো?’ দিয়ে নতুন রেকর্ড গড়লেন অপূর্ব-নীহা জুটির।
‘মন দুয়ারি’, ‘মায়াপাখি’ কিংবা ‘ভালো আছো তো?’—এক জুটি, এক নির্মাতা, আর এক ইউটিউব চ্যানেল। প্রতিবারই দর্শকদের মুগ্ধ করা অপূর্ব-নাজনীন নীহা জুটির সর্বশেষ নাটক ‘ভালো আছো তো?’ এবার গড়েছে অনন্য রেকর্ড। জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র দুই দিনেই এক কোটি ভিউ অতিক্রম করেছে। বাংলাদেশি একক নাটকের ক্ষেত্রে এটিকে প্রথম এমন রেকর্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে।
কিন্তু কী আছে ‘ভালো আছো তো?’ নাটকে, যা এত অল্প সময়েই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে? কেনই বা নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এত আলোচনা? ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘরে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার দর্শক নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন, যার অধিকাংশই ইতিবাচক। পাশাপাশি বিভিন্ন নাটক-সিনেমাবিষয়ক পেজ ও গ্রুপেও নাটকটি ঘিরে তৈরি হয়েছে আলোচনা।
নাটকটির সাফল্যের পেছনে রয়েছে গল্প বলার ভিন্নধর্মী কৌশল, শুরুতেই চমকে দেওয়ার মতো দৃশ্য, ধীরে ধীরে কাহিনির গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ ও আবেগঘন উপস্থাপন। এর সঙ্গে দৃশ্যায়নের মুন্সিয়ানা এবং ব্যতিক্রমী শেষ দৃশ্য দর্শকদের দিয়েছে ভিন্ন এক অভিজ্ঞতা। নির্মাণসংশ্লিষ্টদের মতে, এসব উপাদানের সমন্বয়ই ‘ভালো আছো তো?’ নাটকটিকে দর্শকদের কাছে এতটা জনপ্রিয় করে তুলেছে।
এ ব্যাপারে নির্মাতা জাকারিয়া সৌখিন গনমাধ্যমকে বলেন, ‘সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’
সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু গনমাধ্যমকে বলেন, ‘‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সব সময় দর্শকচাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়।’’
‘ভালো আছো তো?’ নাটকে অপূর্ব-নীহা জুটির পাশাপাশি আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্ত প্রমুখ। আহমেদ রিজভীর কথায় সাজিদ সরকারের সুর-সংগীতে নাটকের একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’তে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।
