ফরিদপুরের সালথায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৭টি মামলার আসামি মো. মিজানুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার বড় লক্ষণদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়ভাবে তিনি ‘চোর মিজান’ নামে পরিচিত।
গ্রেপ্তার মিজানুর রহমান সালথা উপজেলার বড় লক্ষণদিয়া এলাকার মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এসব মামলার একাধিকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ সময়ের মধ্যে মাঝেমধ্যে গোপনে বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি। তাঁকে গ্রেপ্তারের জন্য এর আগেও বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তবে কৌশলে পুলিশের চোখ এড়িয়ে চলছিলেন তিনি।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
