দেশের মানুষের জন্য উন্নত ও বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে। একই সঙ্গে দেশের বিপুল অর্থের বহির্গমনও কমানো সম্ভব হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘কোলোরেক্টাল সার্জারি সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য অনেক বাংলাদেশিকে বিদেশে যেতে হয়। এর পেছনে বিশেষায়িত চিকিৎসা, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের সীমাবদ্ধতার পাশাপাশি চিকিৎসাসেবার মান এবং আস্থার বিষয়ও জড়িত। এ পরিস্থিতি পরিবর্তনে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে।
রাষ্ট্রপতি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, চিকিৎসা কেবল একটি পেশা নয়; এটি মানুষের জীবন, মর্যাদা ও আশার সঙ্গে জড়িত একটি মহান দায়িত্ব।
তিনি আরও বলেন, রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে মানবিক আচরণ, সহজ ভাষায় চিকিৎসার বিষয়গুলো বুঝিয়ে বলা এবং হাসপাতালের পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশের স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিগত ১৭ বছরে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে স্বাস্থ্যব্যবস্থা প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষ জনবল নিশ্চিত না করেই অনেক ব্যয়বহুল চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে, যার কিছু অব্যবহৃত থেকেছে। চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগে দীর্ঘস্থায়ী স্থবিরতাও পরিস্থিতিকে জটিল করেছে।
