কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিংয়ের (এমএল) ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ছ’মাসের সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লি। ‘সার্টিফিকেট প্রোগ্রাম ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ফর ইন্ডাস্ট্রি’ শীর্ষক এই কোর্সে প্রযুক্তি ক্ষেত্রের পেশাদারদের পাশাপাশি কম্পিউটার সায়েন্সের বাইরের শাখায় পড়াশোনা করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আইআইটি দিল্লির তরফে জানানো হয়েছে, এই কোর্সে এআই ও এমএলের বিভিন্ন অ্যালগরিদম সহজ ভাবে বোঝানো হবে। পাশাপাশি, বাস্তব জীবনের নানা সমস্যার সমাধানে এই প্রযুক্তিগুলি কী ভাবে ব্যবহার করা যায়, তা-ও শেখানো হবে। ই-কমার্স, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ ক্ষেত্র থেকে শুরু করে নীতি নির্ধারণের মতো বিভিন্ন ক্ষেত্রে এআই ও এমএলের প্রয়োগ সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অথবা বাণিজ্য শাখায় স্নাতক যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন। এ ছাড়া, ১০+৩ অথবা ১০+২+৩ কাঠামোয় ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীরাও আবেদনের যোগ্য। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে, এমন আবেদনকারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কোর্সে আবেদনের শেষ দিন ৮ জানুয়ারি ২০২৭। ৯ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হয়ে কোর্সটি চলবে ১০ জুলাই পর্যন্ত। মোট ছ’মাসের এই কোর্সে প্রতি শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে ক্লাস হবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই ভর্তি-সহ এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।
