গির্জায় হামলার জবাবে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে জর্ডান। সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবারের এসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) সিরিয়ার দেরা ও সুয়েইদা প্রদেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় জর্ডান ও সিরিয়ার মধ্যকার প্রধান সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে দামেস্ক। মঙ্গলবার (২৭ অক্টোবর) আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানায়, গত শুক্রবার দেশটির কারাক প্রদেশের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় বন্দুকধারীদের হামলার জবাবে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। গির্জার ওই হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
জর্ডানের সামরিক বাহিনীর দাবি, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই এ অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন এবং তাদের একাধিক যানবাহন ধ্বংস হয়েছে।
তবে জর্ডানের সঙ্গে সমন্বয়ের কথা অস্বীকার করেছে সিরিয়া। দেশটির সরকার জানিয়েছে, পূর্ববর্তী কোনো সমন্বয় বা অবহিতকরণ ছাড়াই এ সামরিক অভিযান চালানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দামেস্ক।
হামলার বিবরণ
সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দেরা ও সুয়েইদা প্রদেশের গ্রামীণ এলাকায় অন্তত চারটি স্থানে হামলা চালানো হয়। হামলার পর উদ্ধারকর্মীরা সাতজনের মরদেহ উদ্ধার করেন।
আল-তাই গ্রাম, দেরা: একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। তাঁদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু। পরিবারের আরও তিন সদস্য আহত হন, যাঁদের মধ্যে একটি শিশু রয়েছে।
আল শাইয়া, দেরা: হামলায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
মুজাইরিব শহর (আইন আল-বাসাল এলাকা), দেরা: একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।
শাহবা শহর, সুয়েইদা: একটি আবাসিক ভবনে হামলায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
সীমান্ত বন্ধ
বিমান হামলার পর যাত্রী ও বাণিজ্যিক পণ্য পরিবহনের প্রধান পথ নাসিব সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে সিরিয়া। এর ফলে দুই দেশের মধ্যে ওই পথে যাতায়াত ও পণ্য পরিবহন স্থগিত রয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। আলজাজিরাকে তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে এ ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে তাঁর দেশ।
বিআলো/শিলি