রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবন পরিদর্শনে যাওয়া মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের সম্মান করার পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, বাবা-মায়ের আত্মত্যাগ স্মরণ করে নিজেদের গড়ে তুলতে পারলে তাঁদের স্বপ্ন পূরণের পাশাপাশি জাতির প্রত্যাশাও পূরণ হবে।
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন। তাঁরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও ফটোসেশনে অংশ নেন।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র, বঙ্গভবন ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ তৈরির লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।
এ সময় তিনি তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জন এবং নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। সাক্ষাৎকালে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
The post আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি appeared first on ভোরের চেতনা.
