ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রলিকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের সামনে ছিটকে পড়ে মিদুল রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু ও মোটরসাইকেলচালক আশিকুর রহমান। মোবাইল ফোন কিনতে তারা দিনাজপুর থেকে বালিয়াডাঙ্গীতে আসছিলেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ধর্মমড়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিদুল রহমান দিনাজপুর সরকারি কলেজ মোড়ের একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার কাঞ্চন বালুয়াডাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে। তার স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। আহত আশিকুর রহমান একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী বদরুল ইসলাম জানান, বন্ধুর মোটরসাইকেলে পেছনে বসে মোবাইল ফোন কিনতে দিনাজপুর থেকে বালিয়াডাঙ্গীতে আসছিলেন মিদুল। পথে একটি ট্রলিকে ওভারটেক করার সময় সামনে যাত্রীবাহী বাস চলে আসে। এ সময় মোটরসাইকেলে ব্রেক করলে পেছন থেকে ছিটকে সামনে পড়ে যান মিদুল। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত আশিকুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা আসছেন। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাস কিংবা ট্রলির কোনোটিকেই আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
