ইশরাকের পদত্যাগের পর ঘুন্টিঘরে পুলিশের মাদকবিরোধী অভিযান
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

ছবি: সংগৃহীত।
রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার সেই অভিযানের পর ওই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাদকবিরোধী অভিযানের পদক্ষেপ নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযানে রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পুলিশ। সিটি করপোরেশনের হুইল লোডার দিয়ে ছোট ছোট ঘর ও দোকানসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রেললাইনের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এলাকাটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করা হচ্ছে। একই সঙ্গে সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করাই এ অভিযানের লক্ষ্য।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ঘুন্টিঘর এলাকার সড়ক পরিষ্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে। রেললাইনের পাশে থাকা মাদকের আড্ডাও উচ্ছেদ করা হচ্ছে, যাতে এলাকাটি পরিচ্ছন্ন থাকে এবং যানবাহন নিয়মিত চলাচল করতে পারে।
তিনি জানান, উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের যন্ত্রপাতি, সাবেক কাউন্সিলর, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়েছে। এ কাজে এলাকার মানুষের সহযোগিতা পাওয়া যাচ্ছে।
এর আগে গত ১৯ অক্টোবর ঘুন্টিঘর রেলস্টেশন, মুন্সিরটেকসহ আশপাশের মাদকপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১০। ওই অভিযানে অন্তত ১৪ জনকে আটক করা হয়। ডিএনসির ঢাকা মেট্রো-দক্ষিণের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।
ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় এর আগে সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। ওই ঘটনার পর তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…