নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকালে এসআরবি-৫ নাটোর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তাররা হলেন গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও তার ছোট ভাই মো. সজীব আলী (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানারসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষ ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির কার্যক্রম সম্পর্কে জানতে পারে এসআরবি-৫। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সোমবার ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে শিমুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে এসআরবির সদস্যরা। এ সময় তাদের ঘর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়।
এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ভাই অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এসআরবির অভিযানে গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হচ্ছে।
