Published on
:
2 min read
গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল তিন জনের। নিহতদের মধ্যে আছেন বাবা এবং এক ছেলেও। ফাঁকা জায়গায় গাড়ি রাখা নিয়ে বিবাদের সময়ে এক প্রতিবেশী গুলি চালান বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় তিন জনের। সোমবার, লখনৌয়ের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘেটেছে লখনৌয়ের সাদাতগঞ্জ থানার নওবস্তার ব্রাহ্মণী টোলা এলাকায়। একটি বটগাছের কাছে খালি জমিতে খালি জমিতে গাড়ি পার্ক করা নিয়ে বিবাদ হয়। ওই বিবাদের সময়েই এক ব্যক্তি গুলি চালান বলে অভিযোগ। গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। নিহতরা অভিযুক্ত ব্যক্তির প্রতিবেশী।
পুলিশ জানিয়ছে, নিহতদের নাম শিবাজি তিওয়ারি (৬২), শিবেন্দ্র তিওয়ারি (৫৫) এং সুয়াশ তিওয়ারি (৩০)। নিহতরা একই পরিবারের সদস্য। এই তিন জনকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ঋষভ শুক্লাকে।
লখনৌয়ের ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম জ়োন) জিতেন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই এলাকায় বট গাছের সামনে ফাঁকা জমি নিয়ে দু’টি পরিবারের মধ্যে বিবাদ চলছিল। ওই স্থানে গাড়ি পার্ক করার বিষয়ে আপত্তি জানিয়েছিল শুক্লাদের পরিবার। এই বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ তীব্র আকার ধারণ করে। সেই সময়েই ঋষভ পিস্তল বের করে গুলি চালান বলে অভিযোগ।
সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সটির ট্রমা সেন্টারে। সঙ্গে সঙ্গে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। আর এক জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ দিকে গুলি চলার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। গুলি চালানোর জন্য ব্যবহার করা পিস্তল এবং চারটি ফাঁকা গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা। এই নিয়ে আরও তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
ঋষভ মার্চেন্ট নেভিতে কর্মরত বলে সূত্রের খবর। এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
