কালবেলা · বিনোদন
রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা আলোচনায়, চূড়ান্ত সতর্কবার্তা সৌরভ গাঙ্গুলীর
10/27/2026

ঘনিষ্ঠ মুহূর্ত ও প্রকাশ্যে প্রেমের বহিঃপ্রকাশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন 'বিগ বস বাংলা ৩' এর প্রতিযোগী রাজবীর দে ও নন্দিনী দত্ত। তাদের আচরণে বিরক্ত হয়ে শোয়ের সঞ্চালক সৌরভ গাঙ্গুলী দিয়েছেন চূড়ান্ত সতর্কবার্তা।
‘বিগ বস বাংলা ৩’-এর অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক। রিয়েলিটি শোটির ঘরে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ও বারবার চুম্বনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দর্শকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শোয়ের সঞ্চালক সৌরভ গাঙ্গুলী তাদের সতর্ক করতে বাধ্য হন।
পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা রাজবীর দে পেশায় মডেল ও অভিনেতা। ২০২৩ সালে ‘এমটিভি রোডিজ: কর্ম ইয়া কাণ্ড’ এ অংশ নিয়ে পরিচিতি পান তিনি। পরে ২০২৬ সালের সেপ্টেম্বরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ‘বিগ বস বাংলা ৩’ এ যোগ দেন। শোয়ে সহপ্রতিযোগী নন্দিনীর সঙ্গে তার ঘনিষ্ঠতা দ্রুত দর্শকদের নজর কাড়ে।
অন্যদিকে নন্দিনী দত্ত বাংলা টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের পরিচিত মুখ। ‘বসন্ত বিলাস মেসবাড়ি’, ‘রামকৃষ্ণ’ ও ওয়েব সিরিজ ‘বোধন’-এর মতো কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ‘বিগ বস বাংলা ৩’-এ অংশ নেওয়ার পর টেলিভিশন ও ওটিটির বাইরেও নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
শোয়ে রাজবীর ও নন্দিনীর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাদের সম্পর্কের রসায়ন পছন্দ করলেও অন্যদের অভিযোগ, তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতা পরিবারের সঙ্গে বসে দেখার উপযোগী পরিবেশের সঙ্গে মানানসই নয়।
‘দাদার দরবার’ অনুষ্ঠানের এক পর্বে তাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সৌরভ গাঙ্গুলী। রাজবীর ও নন্দিনীকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, রাজবীর ও নন্দিনীকে আমি শেষবারের মতো সতর্ক করছি। এটি একটি পারিবারিক অনুষ্ঠান। তোমরা যেভাবে আচরণ করছ, তাতে আমি ও বিগ বস, দুজনকেই তোমাদের সতর্ক করতে হচ্ছে। আমার মনে হয়, এই অনুষ্ঠানে থাকার যোগ্য তোমরা নও। তোমাদের মধ্যে সম্পর্ক, প্রেম ও বোঝাপড়া ছিল, কিন্তু তোমরা সব সীমা অতিক্রম করছ।
ঘরের মধ্যে তাদের বারবার ঘনিষ্ঠ হওয়া ও আলিঙ্গন নিয়েও আপত্তি জানান সৌরভ। তিনি স্পষ্ট করেন, অনুষ্ঠানে কোনো অশালীন আচরণ বরদাশত করা হবে না।
সৌরভের এই কড়া বার্তার পর রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে আলোচনা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, সঞ্চালকের সতর্কবার্তার পর তারা নিজেদের আচরণে পরিবর্তন আনেন কি না।
সূত্র: ইনডাল্জ্
মূল প্রতিবেদনে যান ↗