ছবি: সংগৃহীত
-->সিনেমার নাম ‘খলনায়ক’। তাই ভক্তদের ধারণা, মেহজাবীন চৌধুরীকে এবার দেখা যেতে পারে ভিলেনের চরিত্রে। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই সিনেমায় অতিথি চরিত্রে যুক্ত হয়েছেন তিনি। কলকাতায় গোপনে শুটিংয়ে অংশ নিয়ে নিজের দৃশ্যের কাজও শেষ করেছেন এই অভিনেত্রী। তবে তার চরিত্রটি কী, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা। মুক্তির আগে মেহজাবীনের উপস্থিতি দর্শকের জন্য চমক হিসেবে রাখতে চাইছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‘খলনায়ক’ নির্মাণ করছেন ভিকি জাহেদ। ছোট পর্দা ও ওটিটিতে বিভিন্ন ধরনের গল্প নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তিনি। তার পরিচালিত ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ ও ‘চিরকাল আজ’ দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করছেন এই পরিচালক।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও তমা মির্জা। এর আগে এক সঙ্গে ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ সিনেমায় কাজ করেছেন তারা। ‘খলনায়ক’ হতে যাচ্ছে এই জুটির তৃতীয় সিনেমা। তাদের সঙ্গে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার ও কলকাতার অভিনেত্রী প্রিয়াংকা সরকার।
ঢাকা ও কলকাতায় মিলিয়ে সিনেমাটির শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে গল্পের বিষয়বস্তু কিংবা অভিনয়শিল্পীদের চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র মেহজাবীনের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে। তার অংশের শুটিং শেষ হলেও চরিত্রের পরিচয় গোপন রাখা হয়েছে।
মেহজাবীনের চলচ্চিত্রে এটি তৃতীয় কাজ। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। দুটি সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। এবার অতিথি চরিত্রে তার অংশগ্রহণ নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
সিনেমার নাম ‘খলনায়ক’ হওয়ায় মেহজাবীনের চরিত্র নিয়ে আলোচনা চলছে। তাকে কি নেতিবাচক চরিত্রে দেখা যাবে? নাকি গল্পের কোনো গুরুত্বপূর্ণ বাঁকে হাজির হবেন তিনি? এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। নির্মাতা ভিকি জাহেদ ও মেহজাবীন দুজনেই বিষয়টি নিয়ে নীরব রয়েছেন। ফলে তার চরিত্র নিয়ে দর্শকের অনুমান চলছেই।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের পরিকল্পনা ছিল চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার। তবে নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসতে পারে ‘খলনায়ক’। তখনই জানা যাবে, মেহজাবীন সত্যিই ভিলেনের ভূমিকায় আসছেন, নাকি তার চরিত্রে রয়েছে অন্য কোনো চমক।
