গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুটি সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাইবোন। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ এবং আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত। তাদের দুজনের বয়সই দুই বছর। পরিবার সূত্রে জানা গেছে, শিশু দুটি একই দিনে জন্মগ্রহণ করেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ডোবা থেকে তাদের উদ্ধার করে। এরপর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
