আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো শেষ হতেই কলকাতা ও হাওড়া পুরসভা সহ রাজ্যের আরও কয়েকটি পুরসভার নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার করেছে বিজেপি। রাজ্যের নজরকাড়া এই দুই পুরসভার প্রার্থী বাছাই সহ আরও একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা একাধিকবার বৈঠক করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই গেরুয়া শিবিরের প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়ে যাওয়ার কথা।
এই আবহে এবার মুর্শিদাবাদ জেলায় পুরসভা নির্বাচনের প্রস্তুতি জোড় কদমে শুরু করে দিল জেলা বিজেপি নেতৃত্ব।
এবছরের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকারের শোচনীয় পরাজয়ের পর মুর্শিদাবাদ জেলার আটটি পুরসভার মধ্যে ছ'টি পুরসভাতেই তৃণমূলের বোর্ড ভেঙে গিয়েছে।
বর্তমানে বহরমপুর, কান্দি, বেলডাঙ্গা, ডোমকল মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ- আজিমগঞ্জ পুরসভায় প্রশাসকরা দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে জঙ্গিপুর মহকুমার অন্তর্গত দু'টি পুরসভা- ধুলিয়ান এবং জঙ্গিপুরে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়ে নতুন চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করেছেন।
প্রশাসন সূত্রের খবর, মুর্শিদাবাদের ছ'টি পুরসভায় বর্তমানে কোনও নির্বাচিত বোর্ড না থাকায় সেখানে যেকোনো সময় রাজ্য সরকার নির্বাচন ঘোষণা করতে পারে। যদিও পুরসভার নির্বাচিত সদস্যরা পদত্যাগ না করলে বহরমপুর, কান্দি সহ একাধিক পুরসভার পুরবোর্ডের মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছিল। অন্যদিকে জঙ্গিপুর এবং ধুলিয়ান পুরসভার বোর্ডের মেয়াদও ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত রয়েছে। তবে সরকার মনে করলে এই বোর্ড আগেই ভেঙে দিয়ে সেখানেও নির্বাচন ঘোষণা করতে পারে।
রাজ্যের একাধিক পুরসভায় এক সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন ভোট গ্রহণ করতে পারে এমন ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলা বিজেপির নেতৃত্ব ইতিমধ্যেই পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দুর্গাপুজোর শেষে বিজয়ার আবহে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকার ভোটারদের বাড়িতে পৌঁছে যাওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির মুর্শিদাবাদ সংগঠনিক জেলা সভাপতি সৌমেন মন্ডল বলেন," দুর্গাপুজোর শেষে আমাদের দলের তরফ থেকে ওয়ার্ড ভিত্তিক বিজয়া সম্মিলনী শুরু হয়েছে। সেখানে আমরা দলের কর্মীদেরকে নির্দেশ দিচ্ছি আসন্ন পুরসভা ভোটকে লক্ষ্য রেখে এলাকার দেওয়াল দখল কাজ শুরু করে সেই দেওয়ালগুলোতে 'হোয়াইটওয়াশ ' শুরু করতে।"
তিনি জানান," ইতিমধ্যেই আমরা প্রত্যেকটি ওয়ার্ড ধরে বৈঠক করা শুরু করেছি এবং কোন ওয়ার্ডে কে প্রার্থী হবেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণও শুরু হয়েছে।"
তবে বিজেপি সূত্রের খবর, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে এখনো অনেকটাই সময় লাগবে। বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সবুজ সংকেত না পাওয়া গেলে প্রার্থীদের নাম কোনোভাবেই ঘোষণা করা হবে না।
সৌমেন মন্ডল বলেন, "ডোমকল পুরসভায় দীর্ঘদিন ধরে প্রশাসক রয়েছেন। রাজ্যে সরকারের পালাবদলের পর মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ- আজিমগঞ্জ পুরসভাতেও প্রশাসক বসেছে ।তাই এখানে পুরসভা নির্বাচন ঘোষণা করতে রাজ্য সরকারের কোনও সমস্যা নেই। আমরা আশাবাদী পুরসভা নির্বাচনে এবার বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে প্রত্যেকটি ওয়ার্ড থেকে জয়ী হবেন।"
বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি জানিয়ে দেন,"৪ মে-র পর যারা বিজেপিতে যোগদান করতে চেয়েছেন এমন কাউকে আমাদের দলের প্রার্থী করা হবে না ।দলের দীর্ঘদিনের পরিক্ষীত সৈন্যরাই প্রার্থী পদ পাবেন।"
পুরসভা নির্বাচনের প্রস্তুতি জোর কদমে চলছে বিজেপির জঙ্গিপুর সংগঠনিক জেলাতেও দলের জঙ্গিপুর সংগঠনিক জেলা সভাপতি সুবল চন্দ্র ঘোষ বলেন," দুর্গাপুজোর পর থেকেই আমরা পুরসভা নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছি। বুথ এবং ওয়ার্ড ভিত্তিক বৈঠক চলছে।"
তিনি জানান,"রাজ্য নেতৃত্বের তরফ থেকে নির্দেশ পাওয়া গেলেই আমরা পুরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আবেদন পত্র গ্রহণ করা শুরু করব। তবে 'তৎকাল বিজেপি'র কাউকে পুরসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে না।"
