ঢাকা অফিস।।
রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিনজনকে দায়িত্ব দিয়েছে সরকার। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পারিচালক হচ্ছেন নূর মোহাম্মদ, তিনি বর্তমানে বেসরকারি যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক।
সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম পেয়েছেন জনতা ব্যাংকের দায়িত্ব। আর জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা বেসিক ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন।
তিন বছরের জন্য তাদের চুক্তিতে ওই দায়িত্ব দিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদের নিয়োগের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে সোমবার চিঠিও দেওয়া হয়েছে।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন এমডি হিসেবে নূর মোহাম্মদকে নিয়োগ দেওয়ার চিঠি পেয়েছি।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগের জন্য সরকার প্রার্থী মনোনয়ন দেয়। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে।
পূজার ছুটি শুরুর আগে গত ১৯ অক্টোবর জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছিল সরকার। এরপর তিন ব্যাংকের শীর্ষ পদে নতুন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হল।
