মৃত্যুর আগে বাবাকে ভিডিয়ো কল করেছিলেন যুবক। শুধু বলেছিলেন, ‘‘আমি মায়ের কাছে যাচ্ছি। তোমার টাকা তোমার কাছে রাখো।’’ সেই ভিডিয়ো কলের কয়েক ঘণ্টা পরই ঘর থেকে উদ্ধার হল দেহ। মিলল একটি পিস্তলও। ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের ঝাঁসীর।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পিস্তল থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন যুবক। মৃতের নাম লভ পটেল। তিনি মুন্নালাল পটেলের প্রথমপক্ষের সন্তান। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রতিবেশীদের দাবি, তাঁরা লভদের বাড়ি থেকে গুলি শব্দ পান। সেখানে গিয়ে দেখেন লভ মেঝেতে পড়ে রয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, রবিবার মুন্নালাল এবং তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী হেমলতা মাঠে কাজ করতে বার হন সকাল ৮টায়। বাড়িতে একাই ছিলেন লভ। সকাল ১০টা নাগাদ গুলির আওয়াজ পান পড়শিরা। লভকে রক্তাক্ত অবস্থায় দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় মুন্নালালকেও।
মুন্নলাল পুলিশের কাছে দাবি করেছেন, লভ মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। কিন্তু কেন তিনি এ কাজ করলেন, সেই কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। তবে মুন্নালালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাচক্রে, পুলিশ জানতে পেরেছে ২০০৯ সালে মুন্নালালের প্রথম স্ত্রী সঙ্গীতা আত্মঘাতী হয়েছিলেন।
