রায়নার বিজেপি বিধায়ক সুভাষ পাত্র।ছবি: এই সময়
Published on
:
2 min read
বিজেপি বিধায়কের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ। সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। বিধায়কের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যক্তির কাছে টাকা চাওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার কথা জানিয়ে বর্ধমান সাইবার থানায় অভিযোগ দায়ের করেন পূর্ব বর্ধমান জেলার রায়নার বিজেপি বিধায়ক সুভাষ পাত্র।
বিধায়ক সুভাষ পাত্রের দাবি, হ্যাকারদের পাঠানো মেসেজে বিভিন্ন জনের কাছে ৫ হাজার, ১০ হাজার এমনকী ২০ হাজার টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর জন্য কিউআর কোডও পাঠানো হয়।
এক নজরে
রায়নার বিজেপি বিধায়ক সুভাষ পাত্রের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার প্রতারণার চেষ্টা।
হ্যাকাররা পরিচিতদের কাছে ৫ থেকে ২০ হাজার টাকা দাবি করে এবং লেনদেনের জন্য কিউআর কোড পাঠায়।
দিল্লি থেকে চিঠি আসার নাম করে একটি অজানা নম্বর থেকে ফোন আসার পরেই বিধায়কের ফোন হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।
মঙ্গলবার বিষয়টি জানাজানি হতেই বিধায়ক সোজা বর্ধমান সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
কেউ যেন এই ধরনের মেসেজে বিভ্রান্ত না হন এবং টাকা না পাঠান, সেই মর্মে সাধারণ মানুষকে সতর্ক করেছেন বিধায়ক।
মঙ্গলবার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন বিধায়ক। পর পর ফোন আসতে শুরু করে। সকলেই একই কথা জানান। এর পরেই সুভাষ পাত্র সোজা হাজির হন সাইবার থানায়। বিধায়কের দাবি, দিল্লি থেকে চিঠি এসেছে বলে একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। চিঠির ডেলিভারির জন্য সেই নম্বরে যোগাযোগ করার পরেই তাঁর ফোন ও হোয়াটসঅ্যাপ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। একজন টাকা পাঠিয়ে দিয়েছিলেন। বিষয়টি জানার পরে বিধায়ক নিজে সেই টাকা ওই ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছেন।
যাঁদের কাছে মেসেজ গিয়েছে, তাঁদের ভয় বা বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক। তাঁর বক্তব্য, তিনি কখনও এ ভাবে কারও কাছে টাকা চাননি, প্রয়োজনে নিজেই ফোন করতেন। ঘটনার তদন্ত করছে বর্ধমান সাইবার থানা।
তবে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে ফোন ধরার সময়ে সতর্ক থাকতে এবং সমস্যায় পড়লে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে আবেদন করেছেন বিধায়ক।