রাখঢাক করে কথা বলতে পছন্দ করেন না রাধিকা আপ্তে। বলিউডের পুরুষ অভিনেতাদের আধিপত্য, নারীপ্রধান সিনেমার নানাবিধ চ্যালেঞ্জ, বক্সঅফিসের অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। শুধুমাত্র আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী থাকলে তবেই সিনেমা শুরু থেকে সফল হয় বলে মনে করেন তিনি।
বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার ভবিষ্যৎ নিয়ে বার বার প্রশ্ন উঠছে। এ ব্যাপারে রাধিকার বক্তব্য, গল্প, চিত্রনাট্য, অভিনয় ভালো হলেই যে সিনেমা ভালো ব্যবসা করতে পারবে, তার কোনও নিশ্চয়তা নেই। বিশেষ করে, সে সিনেমার কেন্দ্রে যদি কোনও অভিনেত্রী থাকেন, তা হলে বাণিজ্যিক সাফল্য নিয়ে নির্মাতাদের অনেক ভাবতে হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানান, কোনও সিনেমা বা সিরিজ প্রেক্ষাগৃহ না ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে, সে সব ভেবে তিনি কাজ বাছেন না। কাজটা দর্শকের কাছে পৌঁছোনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অভিনেত্রী মনে করেন, মুক্তির মাধ্যম নির্ধারণের পিছনে নানা বাণিজ্যিক সিদ্ধান্ত কাজ করে।
রাধিকার মতে, বক্সঅফিসের কথা মাথায় রেখেই পুরুষ চরিত্র প্রাধান্য পায়। আর বলিউড অভিনেত্রীদের সে ক্ষেত্রে বাছাইয়ের কোনও সুযোগ থাকে না। তার কথায়, ‘গত কয়েক বছরে প্রেক্ষাগৃহ মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকা দেখলেই বোঝা যাবে, কোন সিনেমা চলবে আর কোন সিনেমা চলবে না, তা আগে থেকে অনুমান করা কঠিন। খুব ভালো কোনও সিনেমাতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করলেই যে সফল হবে, তার কোনও নিশ্চয়তা নেই।’
তিনি আরও বলেন, ‘আমি আলিয়া বা দীপিকা নই যে, মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই অন্তত বক্সঅফিসে বিপুল আয় করা শুরু করবে। সেজন্যই পুরুষ চরিত্র প্রাধান্য পাচ্ছে, এ রকম সিনেমাতেই আমাকে কাজ করতে হবে।’
‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ় ৩’, ‘মোনিকা ও মাই ডার্লিং’-এর মতো একাধিক সিরিজে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন রাধিকা। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আক্কা’-তে দেখা যাবে তাকে।