নরসিংদীর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়াকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং অবৈধভাবে জমি দখলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রশংসা অর্জন করেন তিনি। এ ছাড়া খিদিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালেও তাঁর কর্মদক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সুনাম অর্জন করেন।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মনোহরদী উপজেলা পরিষদের সভাকক্ষে মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় মনোহরদীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া দায়িত্ব পালনকালে জনস্বার্থ রক্ষা, ভূমিসংক্রান্ত অনিয়ম প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখেছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং অবৈধভাবে জমি দখলের বিরুদ্ধে তাঁর উদ্যোগ প্রশংসনীয়।
তাঁরা আরও বলেন, খিদিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। দায়িত্বের প্রতি নিষ্ঠা, সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয়ভাবে সুনাম অর্জন করেন।
বক্তারা তাঁর কর্মকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরে বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে মোহাম্মদ সজিব মিয়া তাঁর কাজের মাধ্যমে মনোহরদীতে ইতিবাচক স্মৃতি রেখে যাচ্ছেন। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে তাঁর আন্তরিকতা, পেশাগত সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল প্রশংসনীয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করে নতুন কর্মস্থলেও সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে জনসেবায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
