“সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্প”-এর আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। সভা সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের শ্যামনগর প্রকল্প কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা মৎস্য ফিল্ড অর্গানাইজার বিশ্বজিত মণ্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন দিশারী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বিকাশ কুমার মণ্ডল।
মতবিনিময় সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, দলিত নারী ও কিশোরীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সরকারি সেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি সহজ করা প্রয়োজন। বিশেষ করে নারী ও কিশোরীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
তাঁরা আরও বলেন, দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং মৌলিক সেবা নিশ্চিত করতে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে এ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সম্ভব।
সভায় নাগরিক উদ্যোগের শ্যামনগর প্রকল্প কার্যালয়ের কমিউনিটি মবিলাইজার ও সিবিও সদস্যরাও উপস্থিত ছিলেন। সভা শেষে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা, সরকারি বিভিন্ন সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং তাঁদের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
The post শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা appeared first on ভোরের চেতনা.
