Published : 26 Oct 2026, 09:55 PM
Updated : 26 Oct 2026, 09:55 PM
সুমন মাহমুদ, টোকিও থেকে. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
জাপান সফরের প্রথম দিনে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার রাতে জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজ আয়োজন করা হয় বলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সম্মানে এ নৈশভোজ আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও অংশগ্রহণ করেন।’
নৈশভোজে অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা নৈশভোজে অংশ নেন।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় সাসাকাওয়ার সঙ্গে হওয়া বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে সাসাকাওয়ার দীর্ঘদিনের অবদানের জন্য ধন্যবাদ জানান।
উপপ্রেস সচিব বলেন, ‘‘বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের একটি কারখানা স্থাপনে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।’’
গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার সকালে টোকিও পৌঁছান তারেক রহমান। মঙ্গলবার সকালে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে।
বৈঠকের পর আসবে যৌথ ঘোষণা। সেখানে জাপানের তরফে বাংলাদেশের জন্য পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আসতে পারে বলে স্থানীয় সংবাদপত্র নিক্কেই এক খবরে আভাস দিয়েছে।
আরও পড়ুন
‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের
