

সাপাহারে গোয়ালা ইউনিয়নের হাটে বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের পক্ষে প্রচারণায় বাবা
নওগাঁর সাপাহারে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহমুদুল হাসানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর বাবা মাওলানা মাহফুজুর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গোয়ালা হাট ও আশপাশের বিভিন্ন দোকানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় ছেলে মাহমুদুল হাসানের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন মাওলানা মাহফুজুর রহমান।
মাহমুদুল হাসান উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রচারণাকালে মাওলানা মাহফুজুর রহমান স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁর ছেলের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়।
টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর
হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে এবং রোগীদের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টামেক হাসপাতালের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, চিকিৎসকদের অবহেলায় কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও যত্নশীল হতে হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের প্রায় ৫০ লাখ মানুষের চিকিৎসায় জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালই প্রধান ভরসা। ঢাকার সমমানের চিকিৎসাসেবা পাওয়ার আশায় মানুষ এ হাসপাতালের ওপর আস্থা রাখছে- যা অত্যন্ত ইতিবাচক। এই আস্থা ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং যার যার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত দূর করার আশ্বাস দেন তিনি। উচ্চপর্যায়ের এই সমন্বয় সভায় হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট দূরীকরণ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, প্যাথলজিক্যাল পরীক্ষার মানোন্নয়ন, ওয়ার্ডের পরিবেশ ও খাবারের মান বৃদ্ধি এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে তাগিদ দেওয়া হয়। এছাড়া হাসপাতাল থেকে দালালচক্রের দৌরাত্ম্য নির্মূল, প্রধান ফটকের অবৈধ দোকান উচ্ছেদ, টয়লেটের পরিচ্ছন্নতা, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, ফরেনসিক বিভাগ চালু এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্যে হাসপাতালের সার্বিক চিত্র ও উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনা আকারে তুলে ধরেন পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস। টামেক হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) সভাপতি ডা. আব্দুল মতিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর
গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুর চালান। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়মুখী লেন অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশও আসছে।

সাপাহারে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নওগাঁর সাপাহারে অসুস্থ ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী (লাবু)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), মিজানুর রহমান শাহ চৌধুরী, জয়নাল আবেদিন ও যুগ্ম সম্পাদক বদিউজ্জামান স্বপন, অন্যতম সদস্য মোখলেছুর রহমান (মুকুল) সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজয়নগরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, চাচাতো ভাই আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর মো.আজিম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের পুকুরের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মোঃ আজিম (৩০) ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। এ ঘটনায় আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। তিনি হাসেম মিয়ার ছেলে। জানা যায়, গত শনিবার ( ২৪অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে আটক রফিকুল ইসলামের মোবাইল ফোনে তার সর্বশেষ যোগাযোগ হয়। সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় দুর্গন্ধ ভেসে আসে। খোঁজাখুঁজি করে পুকুর পাড়ের ঝোঁপ থেকে আজিমের লাশ পাওয়া যায়। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে। বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। সে প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

খুলনা নগরীতে যুবক গুলিবিদ্ধ
খুলনা নগরীর নিরালা ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামের এক যুবককে দিন দুপুরে গুলি করেছে দুর্বৃত্তরা। এসময়ে তার কাছে থাকা ল্যাপটব এর ব্যাগ টাকার ব্যাগ হিসেবে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে জানা গেছে । মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত সালমান ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি পেশায় ক্যামেল সিগারেট কোম্পানির একজন কর্মচারী। স্থানীয়রা জানান, ১৭ নম্বর রোডে কোম্পানির অফিসের সামনে বের হওয়ার সময় দু' মোটরসাইকেলে এসে ৫ যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সুত্রে জানা গেছে, তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। সদর থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, কি কারণে তাকে গুলি করা হয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।


