নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া নাভানা মাঠ প্রাঙ্গণে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। পরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সবশেষে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, উৎপাদনমুখী রাজনীতির বিকাশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শ ধারণ করেই নারায়ণগঞ্জ মহানগর যুবদল এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ স্বৈরাচারবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার। নব্বইয়ের দশকের এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মহানগর যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাগর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে মহানগর যুবদল ভবিষ্যতেও রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post সিদ্ধিরগঞ্জে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন appeared first on Daily Sangbad Chorcha.
