পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ১৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আন্তঃজেলা ডাকাত দলের সরদার ইয়াসিনকে গ্রেফতার করেছে এসআরবি-৮। ২৬ অক্টোবর রাতে তাকে আটক করা হয়। এসআরবি-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে মোঃ শাহিন হাওলাদারের (৪৫) একটি মুদি দোকান ও বিকাশ-ফ্লেক্সিলোডের ব্যবসা রয়েছে। গত ১৬ আগস্ট দিবাগত রাত ৩ টার দিকে ৮ থেকে ৯ জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাত দল তার বসতবাড়ি ও ভাই মোঃ সোহেল হাওলাদারের টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে লোহার রড দিয়ে মারধর করে আলমারি ও বক্স ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ মোট ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহিন হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামি গ্রেফতারের জন্য এসআরবি-৮ বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত পলাতক আসামি মোঃ ইয়াসিন খানকে ২৬ অক্টোবর রাতে মঠবাড়িয়া থানাধীন বুদাইবাড়ী সেতু এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি জানায়, ইয়াসিন আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও ১৫টি মামলার আসামী। সে মঠবাড়িয়া থানাধীন তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দ মৃত হাফেজ খান ওরফে সোমেদ খানের ছেলে।
