খুলনার বটিয়াঘাটায় গুলিতে সোহেল শেখ নামে সাবেক এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আহত সোহেল শেখ (৩৫) উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে পরিচিত। তিনি বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সোহেল মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের মধ্যে দুজন তাকে গুলি করে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, গুলিবিদ্ধ সোহেল শেখের বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
