প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম
নীলফামারীতে একটি অটো রাইস মিলের ছাই দিয়ে পরিবেশ দূষণ হওয়ায় ভ্রাম্যমান আদালত ২০হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজারে অবস্থিত মেসার্স রাফি অটো মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অটো রাইস মিলের ছাই দিয়ে পরিবেশ দূষণ হচ্ছিলো এবং মিলে ছাইয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ছিলো না এমন অভিযোগের ভিত্তিতে ওই মিলে অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থলে গিয়ে প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিল মালিকের ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ কর্মকর্তা মামুন জানান, তাৎক্ষনিক ভাবে মিল মালিক আতিকুজ্জামান আতিক জরিমানার টাকা পরিশোধ করেন। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে।