দক্ষিণ কেরানীগঞ্জে শিক্ষিকা ডালিয়া আক্তার সুমা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ রোডে আব্দুল্লাহপুর তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং যুবসমাজ অংশ নেন। মানববন্ধনে বক্তারা নিহত ডালিয়া আক্তার সুমার প্রতি শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি মামলার তদন্ত নিরপেক্ষভাবে সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড নিশ্চিত করার আহ্বান জানান।
ঘটনার পর দ্রুত তিনজনকে গ্রেপ্তার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা। তবে শুধু গ্রেপ্তার নয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও তারা গুরুত্ব দেন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের রসুলপুর বাজার এলাকার একটি ফ্ল্যাটে ডালিয়া আক্তারকে (৪৫) গলা কেটে হত্যা করা হয়।
তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পুলিশ বলেন, চুরির উদ্দেশ্যে ওই ফ্ল্যাটে প্রবেশের পর ধরা পড়ার আশঙ্কায় তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিককে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
বিআলো/আমিনা