আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যারা ভারতে বসে অগ্নিসন্ত্রাস করছেন, তাদের এ দেশে আসতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই আসতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, গতকাল (বুধবার) আমাদের পার্শ্ববর্তী দেশের একটি স্টেটের একজন মন্ত্রী বলেছেন, “বাংলাদেশের একাংশ দখল করবেন”। আমরা এই ২৭ শহীদের কবরের সামনে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ডের দিকে কেউ চোখ তোলার সাহস রাখবে না।
তিনি বলেন, যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে পার্শ্ববর্তী দেশে বসে অগ্নিসন্ত্রাস করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তুলে দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই, এই বাংলাদেশে আপনার ফেরা হবে না। আপনাকে ফিরতে হলে আইনি পরিকাঠামোর মধ্যেই ফিরতে হবে। অন্য কোনোভাবে ফেরার সুযোগ দেশের জনগণ আপনাকে দেবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে আপনাদের যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার জন্য।
অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান এবং পুলিশ সুপার আশিস বিন হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।
