সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার তরুণ শিল্পী এম. শাহীন আলম। এই সাফল্যের সুবাদে তিনি এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার গৌরব অর্জন করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি সর্বোচ্চ নম্বর অর্জন করেন।
উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বাসিন্দা শাহীন আলম তবকপুর আবু বকর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী এবং কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির শিক্ষক। পাশাপাশি তিনি আবাবিল শিল্প ও সাংস্কৃতিক পরিষদের সাবেক পরিচালক।
জেএইচআর
এর আগে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে এবং ১০ অক্টোবর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তিনি বিভাগীয় পর্যায়ে কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করেন। এদিকে একই প্রতিযোগিতায় নির্ধারিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে অংশ নেন উলিপুরের কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোছা. মিফতাহুল জান্নাত তানিশা।
প্রতিযোগিতা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম।
জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়ার অনুভূতি প্রকাশ করে শাহীন আলম বলেন, "আলহামদুলিল্লাহ, বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সবার দোয়া ও ভালোবাসায় জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করে কুড়িগ্রামের মুখ উজ্জ্বল করতে চাই।"
