জ্বালানি ভর্তি ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাতে কায়রোর ঘনবসতিপূর্ণ এলাকার এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। আহত হয়েছেন অন্তত ১৯ জন। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
বুধবার রাতে এই ঘটনা ঘটেছে মিশরের রাজধানী কায়রোর রিং রোডে। মিশরের গিজ়া গভর্নরেটে (Giza governorate) দুর্ঘটনার কবলে পড়ে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু এবং ১৯ জন আহত হয়ে বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রক।
কায়রোর রিং রোডের কাছে ইমবাবা (Imbaba) এলাকার ওয়াররাক (Warraq) জেলায় ১০ নম্বর টানেলের ওপর আগুন লাগে। ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানানো হয়েছে।
এই ঘটনায় আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার। ওই হাসপাতালগুলি নিজেও পরিদর্শন করেছেন তিনি।
মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে যে, বেসরকারিভাবে পরিচালিত ট্যাঙ্কারটি রাস্তা থেকে সরে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এর পর সেটিতে বিস্ফোরণ ঘটে। এর জেরেই জনবহুল ওই এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ দিকে,সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই অগ্নিকাণ্ডের ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, কায়রোর কাছে রাস্তায় থাকা বেশ কয়েকটি যানবাহন ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলছে। এলাকার ওপর দিয়ে উঁচুতে উঠে যাচ্ছে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী।
