আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার যদি অনুমতি দেয় এবং প্রয়োজন হয়, তবে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের এই মন্তব্যকে উদ্বেগজনক বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, আইজিপির বক্তব্যে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হলো যে, পুলিশই নির্দিষ্ট করে গুলি করে হত্যা করাকে ‘ক্রসফায়ার’ বলে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, দেশের বেসামরিক শৃঙ্খলা বাহিনীর প্রধান ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ আলী হোসেন ফকির ক্রসফায়ার নিয়ে যা বলেছেন, তা উদ্বেগজনক।
বিবৃতিতে তিনি বলেন, ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব'—আইজিপির এমন বক্তব্য পতিত ফ্যাসিস্ট আমলের পুলিশের স্মৃতি মনে করিয়ে দেয়। আমরা বিশ্বাস করতে চাই, আলী হোসেন ফকির হালকা মেজাজে এই মন্তব্য করেছেন; যদিও এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে হালকা মেজাজে মন্তব্য করা যায় না।
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ক্রসফায়ার সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য হলো—পুলিশের ওপর অপরাধী চক্রের গুলিবর্ষণের জবাবে পুলিশের পাল্টা গুলিবর্ষণ এবং উভয়পক্ষের গুলিবর্ষণের মধ্যে কথিত অপরাধীর মৃত্যু। বাস্তবতা ভিন্ন হলেও পুলিশ সব সময়ই এভাবে বলে এসেছে। আজকে আইজিপি যেভাবে ক্রসফায়ার দেওয়ার কথা বলেছেন, তাতে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হলো যে, পুলিশই নির্দিষ্ট করে গুলি করে হত্যা করাকে ‘ক্রসফায়ার’ বলে।
মহাসচিব বলেন, সরকার চাইলেও জনগণের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী এই রকম মানবতাবিরোধী কাজ করতে পারে না। আইন ও স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সরকারের আদেশ মানার প্রবণতাই পতিত ফ্যাসিস্ট আমলে দেশকে দুর্বিষহ করে তুলেছিল। গণ-অভ্যুত্থানের পরেও পুলিশের একই ধরনের মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জেইউ/ওয়াইএই
