রোমে স্থায়ী বাংলা পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ, বই দেবে পাঞ্জেরী
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে ইতালির রোমে স্থায়ী বাংলা পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে প্রয়োজনীয় বই ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার আশ্বাস দিয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রোমের সিলেট কাফি শপে বাংলা প্রেসক্লাব ইতালির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় পাঠাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন।
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লেখক কামরুল হাসান শায়েকের ইতালি সফর উপলক্ষে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান। পাঞ্জেরীর পক্ষ থেকে প্রয়োজনীয় বই ও অন্যান্য সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
বাংলা প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, বিএনপি ইতালি শাখার সাবেক সহসভাপতি মাইনুল আলম খোকন, কবি আলতাফ হোসেন, নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন মোল্লা। এ ছাড়া স্থানীয় সাহিত্যিক, সাংবাদিক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অনেকেই বাংলা ভাষা, সাহিত্য ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার পর্যাপ্ত সুযোগ পায় না। স্থায়ী বাংলা পাঠাগার প্রতিষ্ঠিত হলে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং মাতৃভাষার চর্চা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
তাঁদের মতে, পাঠাগারটি প্রবাসী শিশু-কিশোর ও তরুণদের জন্য জ্ঞানচর্চা, সাহিত্যপাঠ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠতে পারে। এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগও বাড়বে।
সভায় অংশগ্রহণকারীরা পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশি, লেখক, প্রকাশক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটির বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। তাঁদের আশা, উদ্যোগটি বাস্তবায়িত হলে রোমে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্য বাংলা বই পড়া ও মাতৃভাষা চর্চার নতুন পরিসর তৈরি হবে।
