দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো’। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।
বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। সৌরপ্রযুক্তির প্রসার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই এ এক্সপোর মূল লক্ষ্য।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইডকল যৌথভাবে এর আয়োজন করছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এক্সপোতে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ি ও শিল্পকারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, সৌর সেচপ্রযুক্তি, শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ আয়োজনে সরকারি সংস্থা, দেশি-বিদেশি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল ইসলাম বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে এ খাতে কাজ করা বিভিন্ন কোম্পানি ও উদ্যোক্তার মধ্যে যোগাযোগ বাড়বে।
আয়োজকদের প্রত্যাশা, প্রদর্শনীতে আটটি বিশেষায়িত অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে সৌরপ্রযুক্তি, ইনভার্টার, ব্যাটারি ও সোলার মডিউল প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্লাটিনাম, গোল্ড ও সিলভার শ্রেণিতে স্পন্সরশিপের সুযোগও রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, এ আয়োজনের মাধ্যমে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
The post ‘বাংলাদেশ সোলার এক্সপো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
